বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির। কিন্তু প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই নানা অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা ও আর্থিক সংকটে সেই স্বপ্ন আজ অনেকটাই ম্লান। দীর্ঘ সাত বছর ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ, শ্রেণিকক্ষের বেহাল অবস্থা, সুপেয় পানির সংকটসহ নানা সমস্যায় অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ।২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। শুরুতেই ১৬ জন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রথম বছরেই প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি হয় ৬৭৫ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিকে ঘিরে ভবিষ্যতে কলেজ শাখা চালুরও পরিকল্পনা ছিল। তবে নানা জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।প্রতিষ্ঠানটির সংকট আরও প্রকট হয় ২০১৯ সাল থেকে। ওই সময় থেকেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ২০২০ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমোদন পেলেও বিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের আগের অবস্থান থেকে সরিয়ে তৎকালীন উপাচার্যের বাসভবনের পাশে স্থানান্তর করা হয়। এতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৬৭৫ থেকে কমে প্রায় ১৬০ জনে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষের টিনের চালের বিভিন্ন স্থানে ছিদ্র থাকায় বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। পর্যাপ্ত কক্ষ না থাকায় একই শ্রেণিকক্ষে একাধিক শ্রেণির পাঠদান করতে হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত শৌচাগার, খেলার মাঠ ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও অপ্রতুল।এতসব সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের আন্তরিকতায় বিদ্যালয়টিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফরিদুজ্জামান আহসাফ এবং তৃতীয় শ্রেণির অভিভাবক তাসলিমা বেগম জানান, নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও শিক্ষকদের আন্তরিকতা ও পাঠদানের প্রতি নিষ্ঠার কারণে তারা সন্তানদের এখানে পড়াচ্ছেন।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘ সাত বছর ধরে কোনো বেতন-ভাতা না পেয়েও নিজেদের উদ্যোগ ও অর্থ ব্যয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সচল রেখেছেন তাঁরা। সহকারী শিক্ষক আলেয়া বেগম, নাদিম আহমেদ ও আফরোজা খানম জানান, দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ সৃষ্টি করেছে। তারপরও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।তাঁদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর উদ্যোগ নিলে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং গোপালগঞ্জ জেলার একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে।এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও বিদ্যালয়টির দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ঈমান আলী এবং সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানিয়েছেন।বিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে আশার কথা শুনিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি জানান, বিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অর্গানোগ্রামের অন্তর্ভুক্ত ছিল না। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে বিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে শিক্ষক-কর্মচারীদের নতুনভাবে নিয়োগ এবং বেতন-ভাতা চালুর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।দীর্ঘদিনের অবহেলা ও সংকট কাটিয়ে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজটি আবারও প্রাণ ফিরে পাবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের। তাঁদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানা রোডে শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। তাঁরা সাংবাদিক হত্যার বিচার, জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম (৩২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি মো. শাহজাহানের ছেলে, দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করার জেরে প্রতিপক্ষের এক নারী তাঁকে প্রধান আসামি করে মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। জহিরুল ইসলামের দাবি, মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। দৈনিক আমাদের সময়-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল। এ সময় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিককে গুলি করে হত্যা এবং মামলা দিয়ে হয়রানি করা শুধু ব্যক্তির জীবনের ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের জন্যও বিপজ্জনক বার্তা। সাংবাদিক হত্যা এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ঘটনার বিচার না হলে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা রক্ষা কোনো বিশেষ পেশাজীবী গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়; বরং এটি গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। মানববন্ধন শেষে সাংবাদিকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
মহাত্মা লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও অহিংসার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। মহাত্মা লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িকতা, প্রেম ও মানবতার প্রতীক। তাঁর দর্শনে জাত-পাত ও ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। মানুষের মধ্যেই তিনি মানবতার প্রকৃত পরিচয় খুঁজেছেন। সমাজে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের মধ্যে লালনের দর্শন চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও কণ্ঠশিল্পী ফারহান কবীর সিফাতের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। শিল্পীদের একক ও যৌথ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৯০ সালের পয়লা কার্তিক মহাত্মা লালন সাঁইজি মৃত্যুবরণ করেন। তাঁর মানবপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক দর্শন আজও মানুষের মধ্যে গভীরভাবে সমাদৃত।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার গহরডাঙ্গা ইউনিয়নের চর-মধুপুর গ্রামে মধুমতি নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার শত শত পরিবার। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় একের পর এক বসতভিটা ও শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার হারিয়েছে শেষ আশ্রয়স্থল। ফলে খোলা আকাশের নিচে কিংবা অন্যের আশ্রয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন ভাঙনকবলিত মানুষ।
এ অবস্থায় নিজেদের বসতভিটা ও অবশিষ্ট কৃষিজমি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ হিটু মল্লিক, মোঃ মিজান মল্লিক, কুল মল্লিক, অ্যাডভোকেট গাউস মল্লিক, মোঃ কুদ্দুস মল্লিক, স্বপ্না বেগম ও মোসাম্মৎ মমতাজ বেগমসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে চর-মধুপুর গ্রামের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একসময় পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। মোঃ মিজান মল্লিক বলেন, নদীভাঙনে অনেক মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অ্যাডভোকেট গাউস মল্লিক বলেন, নদীভাঙনের কারণে এলাকার শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। ভাঙন এলাকার কাছাকাছি গেলেই তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতি থেকে এলাকাবাসীকে রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন। স্থানীয় বাসিন্দা স্বপ্না খানম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ঘর নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, এমনকি এক শতক জমিও নেই। এভাবে আমরা কীভাবে বাঁচব?” মোঃ হিটু মল্লিক বলেন, নদীভাঙন বন্ধ হলে এলাকার মানুষ তাদের বসতভিটা ও জীবিকার অবলম্বন ফিরে পাওয়ার সুযোগ পাবেন। তাই আর কোনো পরিবার যেন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব না হয়, সে জন্য দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি। মানববন্ধন থেকে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, এসআরবির ঢাকা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নূর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। বিস্ফোরকজাতীয় বস্তুটি চিনতে না পেরে সেটির সেফটি রিং টেনে খুলে ফেলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাইটের কার্যকারিতা, পরিসংখ্যান ও প্রাসঙ্গিক বিজ্ঞাপনের জন্য আমরা কুকি ব্যবহার করি। আপনি সব কুকি গ্রহণ, ঐচ্ছিক কুকি প্রত্যাখ্যান অথবা পছন্দ নির্ধারণ করতে পারেন।
প্রয়োজনীয় কুকিনিরাপত্তা ও সাইটের মৌলিক কার্যকারিতার জন্য আবশ্যক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।