সারাদেশ

শ্রীপুরে ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার দায়ের

⎙ প্রিন্ট
শ্রীপুরে ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার দায়ের
অভিযুক্ত রাতুল পালোয়ান
⌖ শ্রীপুর
গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রীকে (১৩) ঘরে ঢুকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক উপজেলার মাধবপুর গ্রামের মোঃ রাতুল (২৭)। ভুক্তভোগী শিশুটি স্থানীয় মাধবপুর দাওয়াতুল তাকওয়া বালিকা মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্রী। সে নিয়মিত মাদরাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত রাতুল তাকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হতো।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ মে ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি মাদরাসা থেকে বাড়িতে ফেরে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাতুল গেট ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরে প্রবেশ করে। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুর ডাকচিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত দরজা ও গেটের ছিটকানি খুলে বাইরে বেরিয়ে আসে এবং কাউকে জানালে পুনরায় ধর্ষণসহ মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটির মা বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে থানায় হাজির হয়ে এ লিখিত এজাহার দায়ের করেন। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য