৩৮ হাজার ৯৭০ জন আখচাষি পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা: শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো চিফ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন। জনসভা থেকে তিনি রাজশাহী অঞ্চলের আখচাষিদের সার্বিক উন্নয়নে সরকারের নানা অঙ্গীকার ব্যক্ত করেন এবং চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী বিভাগের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে একযোগে এই প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আহ্বানে ও উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে সমবেত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।
জনসভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের কৃষি খাতকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। বিশেষ করে চিনি শিল্প ও আখচাষের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং প্রান্তিক চাষিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
প্রণোদনার এই অর্থ সরাসরি চাষিদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যা আখচাষিদের উৎপাদন বৃদ্ধিতে, আধুনিক কৃষি সরঞ্জাম ক্রয় এবং সেচ সুবিধা বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এই সুসংগঠিত ও স্মরণীয় জনসভা স্থানীয় সাধারণ মানুষ ও আখচাষিদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ ও সময়োপযোগী প্রণোদনা ঘোষণা এ অঞ্চলের চিনি শিল্প ও আখচাষকে পুনরায় চাঙ্গা করতে কার্যকর ভূমিকা পালন করবে।
জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং হাজার হাজার সাধারণ জনগণ ও আখচাষি উপস্থিত ছিলেন।
৩৮ হাজার ৯৭০ জন আখচাষি পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা
শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান









মন্তব্য