সারাদেশ

নড়াইলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

⎙ প্রিন্ট
নড়াইলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ কালিয়া
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি কর্মশালার উদ্বোধন করেন।
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. রুস্তম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম। প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকতার নীতিমালা, পেশাগত সততা ও সংবাদ প্রকাশের দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, সাংবাদিকতার মূল লক্ষ্য হলো সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। কোনো সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ, তথ্যের যথার্থতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ করা প্রয়োজন।
বক্তারা উল্লেখ করেন, আকর্ষণীয় শিরোনাম তৈরির প্রতিযোগিতায় অতিরঞ্জিত তথ্য, একপাক্ষিক বক্তব্য কিংবা অসম্পূর্ণ সংবাদ প্রকাশ করা উচিত নয়। দ্রুত সংবাদ প্রকাশের চাপে যেন তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে। পেশাগত নৈতিকতা বজায় রেখে হলুদ সাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের নীতিমালা, তথ্য যাচাই-বাছাইয়ের পদ্ধতি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য এবং প্রেস কাউন্সিলের আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং রিসোর্স পার্সন তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কর্মশালায় নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য