রাজেন্দ্রপুরে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন, দ্রুত পদক্ষেপের আহ্বান
রাজেন্দ্রপুরে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন, দ্রুত পদক্ষেপের আহ্বান
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় স্টেশনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা জরুরি। বিশেষ করে রাজেন্দ্রপুর সেনানিবাসে যাতায়াতকারী ব্যক্তি, কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা ট্রেন দুটির স্টপেজ চালু হলে উপকৃত হবেন।
তাঁরা বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের যাত্রীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প স্টেশন ব্যবহার করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। ফলে জনদুর্ভোগ লাঘব এবং রেলসেবার সুযোগ সম্প্রসারণে রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি চালু করা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকায় জনবসতি এবং যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যাত্রীদের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাজমুল হুদা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আলী আজগর, ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি ওসমান শেখ, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়ন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নূরুল ইসলাম ফকির, সিরাজ উদ্দিন, আ. রশিদ পলান, ইসলাম ফকির, ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ছাত্রনেতা বাসির খান, আ. মান্নান শেখ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আবু বক্কর সিদ্দিক এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা বিবেচনায় নিয়ে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।









মন্তব্য