রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্দি নিজের কাছে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল প্রতিকৃতি (রেপ্লিকা) বিক্রি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের দেওয়া এই স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এ ট্রফিটির রেপ্লিকা নিলামে তোলেন মেন্দি। শেষ পর্যন্ত এটি ৬২ হাজার মার্কিন ডলারে, অর্থাৎ প্রায় ৫৪ হাজার ইউরোতে বিক্রি হয়।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ স্মারক বিক্রির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেন, বিশ্বকাপজয়ী দলের একজন সদস্যের জন্য এমন স্মারক শুধু ব্যক্তিগত সম্পদ নয়, বরং এটি ফুটবল ইতিহাসেরও একটি মূল্যবান অংশ।
তবে সমালোচনাকে আমলে নেননি মেন্দি। স্ন্যাপচ্যাটে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রফিটির রেপ্লিকা তার ব্যক্তিগত সম্পত্তি। তাই সেটি নিজের কাছে রাখবেন নাকি বিক্রি করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তারই রয়েছে। এ বিষয়ে অন্য কারও মন্তব্য করার সুযোগ নেই বলেও জানান তিনি।
একই সঙ্গে কিছুটা রসিকতার সুরে মেন্দি বলেন, ট্রফিটি এতদিন আলমারিতে অযথাই জায়গা দখল করে ছিল। তাই সেটি বিক্রি করে দেওয়ায় তিনি কোনো সমস্যাই দেখছেন না।
মেন্দির এই মন্তব্য বিতর্ক আরও উসকে দিয়েছে। এক পক্ষ তার ব্যক্তিগত সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলেও, অন্যদের মতে বিশ্বকাপজয়ের স্মারক অর্থের বিনিময়ে বিক্রি না করে সংরক্ষণ করাই একজন ফুটবলারের জন্য বেশি সম্মানজনক।
এস.আর



মন্তব্য