গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করে অতিরিক্ত সিলিন্ডার মজুতের অভিযোগ
গোপালগঞ্জে নিরাপত্তা বিধি অমান্য করে গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে এক ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সীমার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অপরাধে এ অর্থদণ্ড দেওয়া হয়।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের চর সোনাকুর এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মোসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক মোহাম্মদ আজম। অভিযানে গোডাউনে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মোসার্স নিপুন প্রযুক্তির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। পাশাপাশি পরিদর্শনের সময় অনুমোদিত সংখ্যার তুলনায় অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার বিষয়টি ধরা পড়ে।এ ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বিবেচনায় নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি মোঃ আবু দাউদের ছেলে।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন হালনাগাদ রাখার বিষয়ে সতর্ক করা হয়।মোবাইল কোর্টের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই প্রচলিত আইন ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারসহ ঝুঁকিপূর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









মন্তব্য