রাজশাহীতে ছাদে অবৈধ সুইমিংপুল,উচ্ছেদে গিয়ে হুমকির মুখে আরডিএ,চেয়ারম্যান
মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো চিফ
রাজশাহী নগরীর,তেরখাদিয়া এলাকায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর অনুমোদন ছাড়াই একটি ১০ তলা ভবনের ছাদে সুইমিংপুল নির্মাণের অভিযোগ উঠেছে। অনুমোদনহীন স্থাপনাটি অপসারণে গেলে আরডিএর ম্যাজিস্ট্রেটের সামনেই আরডিএ চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে।
আরডিএ ও স্থানীয় সূত্র জানায়, তেরখাদিয়া এলাকায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি তার ১০ তলা ভবনের ছাদে নকশাবহির্ভূতভাবে সুইমিংপুল নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে আরডিএর পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগ রয়েছে,অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ভবন মালিক আব্দুর রশিদ আরডিএ চেয়ারম্যান মোঃআবুল কালাম আজাদ সুইটকে হুমকিমূলক বক্তব্য দেন।
এ বিষয়ে আরডিএর একটি দায়িত্বশীল সূত্র জানায়, অনুমোদনহীন স্থাপনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবনের অনুমোদিত নকশার সঙ্গে বর্তমান স্থাপনার মিল আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত আব্দুর রশিদের স্থায়ী বাড়ি গোদাগাড়ী উপজেলায়। পেশায় তিনি রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে রাসিকের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, মাদক ও আদম ব্যবসার মতো অভিযোগ স্থানীয়ভাবে শোনা গেলেও এর স্বপক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নথি বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও দাবি, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাজশাহীতে ছাদে অবৈধ সুইমিংপুল,উচ্ছেদে গিয়ে হুমকির মুখে আরডিএ,চেয়ারম্যান









মন্তব্য