নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার
এসআরবি-০৬ অভিযানে গ্রেফতার প্রধান আসামি, সঙ্গে আটক ভাই
নড়াগাতীতে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযানে তার ভাই সজল শেখকেও আটক করা হয়েছে।গ্রেফতার হওয়া এসকেন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দা। তিনি বাবুল শেখের ছেলে। তার বিরুদ্ধে নড়াগাতী থানায় ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতারের পর থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে থাকা সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে আসামি এসকেন শেখ পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন বলে জানা গেছে।পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাফটি উদ্ধার করা হলেও আসামি তখনও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী।এরই ধারাবাহিকতায় এসআরবি-০৬-এর তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সিপিসি-০৩, যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে এসকেন শেখ ও তার ভাই সজল শেখকে গ্রেফতার করা হয়।অভিযান শেষে গ্রেফতার দুজনকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযানে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।









মন্তব্য