গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের পর তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে লোকজন জড়ো হতে থাকেন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। মাইকে বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
একপর্যায়ে একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার দিকে যায়। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।অন্যদিকে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারসংলগ্ন সড়কে পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
অবরোধের কারণে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।স্থানীয়দের দাবি, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পাটগাতি বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী বাজার এলাকা।সকাল থেকে চলা অবরোধের কারণে সাধারণ যাত্রী, পরিবহন চালক ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এদিকে পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।