প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।শোকবার্তায় এবিএম ফজলুল হক বলেন, “মনে পড়ছে ৯০ দশকের কথা। রাজশাহী প্রেসক্লাব যার বাড়ি-ঘর। সাংবাদিকতার প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। সেই বন্ধু আর নেই। মহান আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন। আমিন।”রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক আনু মোহাম্মদের ফেসবুক পোস্টে সাইদুর রহমানের সাংবাদিকতা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, সাইদুর রহমান প্রথমে দৈনিক করতোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শুরু থেকে শেষদিন পর্যন্ত দৈনিক ভোরের কাগজে সাংবাদিকতা করেন। তিনি সবসময় রাজশাহীর মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাবতেন এবং তা নিয়ে কাজ করতেন।সাইদুর রহমান ছিলেন প্রগতিশীল চিন্তা-চেতনার মানুষ। আশির দশকে মেধাবী ছাত্র হিসেবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকারের বৃত্তি নিয়ে রাশিয়ায় পড়তে যান। তবে পারিবারিক কারণে পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে আসেন। পরবর্তীতে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।রাজশাহীর একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। তিনি রাজশাহীর সাবেক গভর্নর ও জননেতা আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা বেগমের সন্তান। তার নানা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও জননেতা মাদার বখশ।সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ একজন মেধাবী কলমযোদ্ধাকে হারালেন বলে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।বাদ আসর রাজশাহীর দরগাহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হবে।
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, এসআরবির ঢাকা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নূর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। বিস্ফোরকজাতীয় বস্তুটি চিনতে না পেরে সেটির সেফটি রিং টেনে খুলে ফেলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলী, বড়দিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এইচ. এম. বাহাউদ্দিন, সমাজসেবক শেখ আয়েন উদ্দিন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা সাহাদৎ হোসেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোল্লা বাবুল, দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা এবং মহাজন ঘশিবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্সী জাহিদুল হাসান।এ সময় কলেজের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেনের দীর্ঘদিনের শিক্ষকতা, দায়িত্বশীলতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত পরিচয় শুধু তাঁর দায়িত্ব পালনে নয়, বরং তাঁর সততা, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার মধ্যেই ফুটে ওঠে। তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতা ও অবদান আগামী দিনেও শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।একজন শিক্ষকের বিদায় হয় দায়িত্বের পরিসমাপ্তিতে, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। কর্মগুণেই মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন।
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের বিদায় ও যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা **ডা: আবদুল আলীম**-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ভেটেরিনারি সার্জন **ডা: মো: গোলাম মুরশেদ মুরাদ** এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক **জনাব নুর ইমাম খান**-কে। একই সাথে নবযোগদানকৃত ভেটেরিনারি সার্জন **ডা: শুভ সরকার**-কে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি নবযোগদানকৃত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও মেমেন্টো প্রদান করে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নদীভাঙনের ভয়াবহ ছোবলে অস্তিত্ব সংকটে পড়েছে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার শতবর্ষের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার। একের পর এক দোকানপাট ও গুদামঘর নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বাজারটি রক্ষায় জরুরি উদ্যোগ নিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তাঁর উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম শুরুর প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দিয়া বাজারের ভয়াবহ ভাঙনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর হয়। ইতোমধ্যে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ব্যবসায়ীকে প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রমের প্রস্তুতি ও তৎপরতা দেখা যায়।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) দুপুরে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে ব্লক দিয়ে বাঁধানো এলাকার প্রায় ৪০ হাত অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে চার থেকে পাঁচটি চায়ের দোকান ও দুটি গুদামঘর নদীগর্ভে চলে যায়। পরদিন সোমবারও খেয়াঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়। এতে আরও তিন থেকে চারটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এই ভাঙনে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এ সময় ১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রণোদনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বড়দিয়া বাজারের ইতিহাসে নদীভাঙন নতুন কোনো ঘটনা নয়। অতীতে ভয়াবহ ভাঙনে বাজারটির প্রায় তিন-চতুর্থাংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে বাজারটি আবারও ঘুরে দাঁড়ায়। কিন্তু নতুন করে ভাঙন শুরু হওয়ায় সেই পুরোনো বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বড়দিয়া বাজার শুধু একটি ব্যবসাকেন্দ্র নয়, আশপাশের কয়েকটি এলাকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে রয়েছে বহুতল ভবন, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এনজিও, কলেজসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে বাজারটি নদীগর্ভে বিলীন হলে অসংখ্য ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের জরুরি উদ্যোগে ভাঙন প্রতিরোধের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসীর দাবি, সাময়িক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজারের অস্তিত্ব রক্ষায় স্থায়ী ও বিজ্ঞানসম্মত বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে নদীর ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কারিগরি সমীক্ষা চালিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে উঠবে। রক্ষা পাবে শতবর্ষের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার, নিরাপদ থাকবে শত শত ব্যবসায়ী ও পরিবারের জীবিকা।
সাইটের কার্যকারিতা, পরিসংখ্যান ও প্রাসঙ্গিক বিজ্ঞাপনের জন্য আমরা কুকি ব্যবহার করি। আপনি সব কুকি গ্রহণ, ঐচ্ছিক কুকি প্রত্যাখ্যান অথবা পছন্দ নির্ধারণ করতে পারেন।
প্রয়োজনীয় কুকিনিরাপত্তা ও সাইটের মৌলিক কার্যকারিতার জন্য আবশ্যক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।