
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।রবিবার (৮ নভেম্বর) সকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ঘিরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খাতুন।আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল একটি সংগঠনভিত্তিক কার্যক্রম নয়, বরং এটি মানুষের সম্মিলিত শক্তি, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক মুক্তির অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান তাঁরা।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক বিশ্বাস বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে বিশেষভাবে নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সংসদ সদস্যের সহধর্মিণী মাহফুজা বেগম। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, নারীদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মায়েদের ও মেয়েদের সমবায়ভিত্তিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।মাহফুজা বেগম আরও বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে তিনি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করবেন। যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীরা দলবদ্ধভাবে এগিয়ে এলে তাদের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার সুযোগ তৈরি হবে।আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে অবদান রাখা সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী মাহফুজা বেগম সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।সমবায়ের মাধ্যমে ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কালিয়ায় পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস।
মন্তব্য
শেয়ার করুন-




















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।