সারাদেশ

মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রীপুরবাসী

মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রীপুরবাসী

প্রিন্ট
মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রীপুরবাসী
ফাইল ফটো (সংগৃহীত)
⌖ শ্রীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচি থেকে বক্তারা মাদক কারবারিদের অবৈধ কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসা অব্যাহত থাকলে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। একই সঙ্গে তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর পদক্ষেপের দাবি জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের ভেকু মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, মাদকের ভয়াবহতা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এটি তরুণ সমাজের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিপথে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জনের মতো পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংগঠনের সদস্য মোবাশ্বের জুয়েল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে একযোগে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক কারবারিদের এ পথ থেকে ফিরে আসতে হবে, অন্যথায় সমাজ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
মানববন্ধনে বক্তব্য দেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির নেতা আতাউর রহমান আতা ও সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল। তারা মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান এবং এলাকাবাসীকে আইন মেনে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন দাদন মীর, সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সামাজিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।





মন্তব্য