নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়। নিহত হাসান শেখ চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় গুলি ও হামলার ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনের কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।









মন্তব্য