মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধার বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হিরু মিয়া শেখের
কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখের দাফন
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু মিয়া শেখ (৭৩) আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনারে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল এবং নড়াগাতী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখ কর্মজীবনে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তিনি জাতীয় প্যারেডের সাবেক প্যারেড কমান্ডার, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল। দীর্ঘদিনের সামাজিক ভূমিকা ও ব্যক্তিগত সৌহার্দ্যের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন।তাঁর মৃত্যুতে কচুয়াডাঙ্গা গ্রামসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্য, স্বজন, সহযোদ্ধা, সাবেক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মোঃ লিটন সিকদার০১৭১৬-৮০২২৩০২২ -৯-২০২৬









মন্তব্য