পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো
শুক্রবার ১১সেপ্টেম্বর, ক্রাইম নিউজ প্রতিদিন: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থান থেকে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে আটভাগ, বাঁশবাড়িয়া ও ধোকড়াকুল এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া এলাকার রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ এলাকার আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল এলাকার লায়েবের ছেলে রাজু ইসলাম।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে চারজনকেই ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপরাধের মাত্রা অনুযায়ী তিনজনকে ১,০০০ টাকা করে এবং অন্য একজনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে। অসাধু মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড








মন্তব্য