কৃতীদের সম্মান, শিক্ষার্থীদের হাতে উপহার—নড়াগাতীতে দৃষ্টান্ত গড়ল মূলশ্রী যুব সমাজ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ঐতিহ্যবাহী মূলশ্রী যুব সমাজ’। সংগঠনটির উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শিক্ষা উপকরণ ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে চাপাইল, মূলশ্রী ও চর মধুপুর শামসুল উলুম মাদ্রাসার জন্য একটি হাই-ভোল্টেজ সাউন্ড সিস্টেমও প্রদান করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মূলশ্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি মূলশ্রী গ্রামের সব শিক্ষার্থীর হাতে ডায়েরি, কলম ও ফুলের তোড়া দিয়ে তাদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শেখ সাখাওয়াত হোসেন। সঞ্চালনায় ছিলেন সিকদার আহমেদুজ্জামান মিরাজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মাহফুজুর রহমান, ইকরাম চৌধুরী, কায়কোবাদ সিকদার, মাওলানা রেজাওনুর রহমান কাসেমী, কামরুজ্জামান হিটু, ওহিদ শেখ, শেখ গোলাম কবির তপন, ইমরান শেখ, তারিখ শেখ ও ডুয়েল সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আলিমুল ইসলাম, সিকদার রানা আহমেদ, ইসলাম চৌধুরী, শেখ আবির, শেখ নুর ইসলাম, শামীম সরদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রবাসে থেকেও সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় সিকদার শহিদুল ইসলাম, সিকদার তায়েজ ও জোবায়েরের নেতৃত্বে সব প্রবাসীর অবদানের প্রশংসা করা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের আর্থিক সহায়তা, আন্তরিকতা ও সহযোগিতার কারণে সংগঠনের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
যেভাবে যাত্রা শুরু
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে সংগঠক ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে মোঃ জুবায়ের, তাসেজ সিকদার, আলীসহ মূলশ্রী গ্রামের একঝাঁক তরুণের অংশগ্রহণে একটি ভোজের আয়োজনের মধ্য দিয়ে ‘ঐতিহ্যবাহী মূলশ্রী যুব সমাজের’ পথচলা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রচারের আড়ালে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ভোজের আয়োজন, পবিত্র রমজান মাসে গ্রামবাসীর জন্য ইফতার, কবরস্থানে মাটি ভরাটসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
স্থানীয়দের মতে, তরুণদের এমন সম্মিলিত উদ্যোগ শুধু সামাজিক বন্ধনই শক্তিশালী করছে না, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণাও জোগাচ্ছে।
সংগঠনের সদস্যরা জানান, এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক দায়িত্ব পালন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক এমন কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।









মন্তব্য