মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে আয়োজিত কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম এবং রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম এবং বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি লিটন প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি ও মুক্তারুল ইসলাম মুক্তার।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন