চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ
বিআরটিসি বাস চালুর দাবিতে এলাকাবাসীর জোরালো আকুতি
মোঃ লিটন সিকাদার
নিজস্ব সংবাদদাতা, কালিয়া,নড়াইল।
নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার গুরুত্বপূর্ণ চাপাইল-কালিয়া সড়কে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছেন সাধারণ যাত্রীরা। নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, ভ্যান, রিকশা, টেম্পু ও মোটরসাইকেলের মতো অনিরাপদ যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাপাইল- কালিয়া রুটটি নড়াইল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যোগাযোগ সড়ক। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, হাট-বাজার ও ব্যবসায়িক কাজে শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। শুধু নড়াইল জেলার বাসিন্দারাই নয়, পাশ্ববর্তী গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা জেলার মানুষও নিয়মিত এই রুট দিয়ে চলাচল করেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সড়কটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি সড়কে এখনো কোনো সরকারি বাস সার্ভিস চালু হয়নি। ফলে যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ও ছোট যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ভোরবেলা, অফিস টাইম ও সন্ধ্যার পর যানবাহনের তীব্র সংকট দেখা দেয়। এ সুযোগে অনেক চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
বর্তমানে এই রুটে যাত্রীদের প্রধান ভরসা ইজিবাইক, টেম্পু ও মোটরসাইকেল। এসব যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং সড়ক নিরাপত্তার অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়ছেন। সামান্য বৃষ্টি হলেই যানবাহনের সংকট আরও প্রকট আকার ধারণ করে এবং কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয় যাত্রীদের।
এলাকাবাসী জানান, কালিয়া উপজেলা ও আশপাশের মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে সরকারি বিআরটিসি (BRTC) বাস সার্ভিস চালু করা। তাদের মতে, সরকারি পরিবহন চালু হলে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।
শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ জানান, প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের আর্থিক চাপ বাড়ছে। অনেক সময় জরুরি প্রয়োজনে যানবাহন না পাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত এই রুটে বিআরটিসি বাস চালু করা হলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, নড়াইল জেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। একটি আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা চালু হলে শুধু যাত্রীসেবার মানই বাড়বে না, বরং এলাকার অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
সচেতন মহলের মতে, জনস্বার্থে দ্রুত চাপাইল-কালিয়া রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি। দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়িত হলে হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত হবে সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন