গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে নারী ছিনতাইকারী আটক, জনতার হাতে গণধোলাই
নিজস্ব প্রতিবেদক :মো: লিটন শিকদার
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে ছিনতাইয়ের চেষ্টাকালে সাথী আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছু সময় ধরে ওই নারী হাসপাতাল সড়ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে দুইজন পথচারী ভদ্র মহিলার গলার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। মুহূর্তেই ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক এলাকায় ছিনতাই, চুরি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন এবং সাধারণ পথচারীরা প্রায়ই এসব ঘটনার শিকার হচ্ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আটক নারীর পরিচয় সম্পর্কে পুলিশ জানায়, তার নাম সাথী আক্তার (৩৫)। স্বামী মো. ধলা বিশ্বাস। বর্তমান ঠিকানা গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকায় ওয়ালটন শোরুমের পাশে। তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সাধারণ জনগণ ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা হাসপাতাল ও আশপাশের সড়কে পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি আনসার সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন