তুচ্ছ ঘটনায় উত্তপ্ত নড়াগাতী: কুকুরের ঝগড়া ঘিরে সংঘর্ষে আহত ৫
স্টাফ রিপোর্টার : মোঃ লিটন শিকদার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পালিত কুকুরের ঝগড়া নিয়ে শুরু হওয়া বিরোধ মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোঃ বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়। এ সময় তিনি কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে ঢুকে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে পাটক্ষেতের মালিক মোঃ রমজান মোল্যা দ্রুত ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের ৩ জন এবং রমজান মোল্যার পক্ষের ২ জন আহত হন। আহতদের মধ্যে মোসা. তানিয়া বেগম (২৩), মোঃ ইমরান মোল্যা (৩৫) ও শাহ আলম মোল্যা (২০)-কে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মোসা. শিউলি বেগম (২২) ও আসমা বেগম (১৮)-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করুন
০১৭১৬-৮০২২৩০

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন