কালিয়ার বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : মোঃ লিটন শিকদার
কালিয়ার বড়দিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে বসতভিটা, ফসলি জমি, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে থাকায় বড়দিয়া সংলগ্ন মধুমতী নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে
মানববন্ধন করেছে কোটাকোল ও খাশিয়াল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় বড়দিয়া বাজার সংলগ্ন গৌড়ী মঠের সামনে দুই ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেজার দিয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা নদীগর্ভ থেকে বালু কাটায় নদীভাঙন তীব্রতর হয়েছে, যার ফলে বাড়িঘর, ফসলি জমি ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
বড়দিয়া বাজার এবং আশেপাশের এলাকা রক্ষায় এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ছাড়া বার বার প্রতিবাদ করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বক্তারা। তাই অবিলম্বে এ ধরণের ধ্বংসাত্মক বালু উত্তোলন বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান মানববন্ধনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বড়দিয়া কলেজের সাবেক প্রফেসর শান্তি বাবু, দি পাটনা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সুমন রানা, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল মোল্যা প্রমুখ।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন