পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রত্যাশী সম্ভব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাইম হোসেন বাপ্পি। প্রার্থীতা ঘোষণার পর তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরে উন্নয়নমুখী রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছেন নাইম হোসেন বাপ্পি। তিনি বলেন, গলাচিপা উপজেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।বাপ্পি আরও বলেন, “আমি সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেব।” তিনি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর ওপর ও জোর দেন।এদিকে, তার প্রার্থীতা ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতে, একজন তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে তিনি নতুন নেতৃত্বের সম্ভাবনা তৈরি করতে পারেন।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গলাচিপায় রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এই নির্বাচনে কে শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।