মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে তাদের ক্রীড়া ও শারীরিক কসরত প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন