ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নেত্রকোনার দুর্গাপুুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের চার শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৮ মার্চ) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী শহীদদের পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন।
স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারান দুর্গাপুর উপজেলার চার অকুতোভয় বীর সন্তান- শহীদ উমর ফারুক, শহীদ মাসুম বিল্লাহ্, শহীদ জাকির হোসেন এবং শহীদ সাইফুল ইসলাম সেকুল। দেশের জন্য তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে গতবারের মতো এবারও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
জানা যায়, চার শহীদ পরিবারের প্রতিটি সদস্যের জন্যই ঈদ উপহার পাঠানো হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট, থ্রি-পিসসহ উন্নতমানের নানা বস্ত্রসামগ্রী এবং ঈদের আনন্দ উদযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
প্রিয়জন হারানোর বেদনার মাঝে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সবসময়ই আমাদের পাশে ছায়ার মতো আছেন। এরআগেও তিনি নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। এবারের ঈদে তার এই উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”
ডেপুটি স্পিকারের এমন মানবিক উদ্যোগ দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ ও সুধীমহলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এটি কেবল কিছু পোশাক বা খাবারের উপহার নয়; বরং এটি শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মান, মমতা এবং বিন¤্র শ্রদ্ধা নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ প্রসঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। বীর শহীদদের নিঃস্বার্থ আত্মবলিদানের বিনিময়েই আজ আমরা একটি মুক্ত ও নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের ঋণ কখনোই শোধ হওয়ার নয়। তাই শহীদ পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে আমরা সর্বদাই পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন