নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মিজানুর রহমানসহ পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সওজের জায়গায় স্থানীয়রা স্থাপনা তুলে দখল করে ছিল। এরই প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, "আমরা উদ্যোগ নিয়েছি। সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন