নড়াইলের কালিয়ায় অভিযান: ২ হাজারের বেশি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিনিধি: মো: লিটন সিকদার
নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে মো. রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রিকু মোল্যা ওই এলাকার বাসিন্দা মো. হারেজ মোল্যার ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রিকু মোল্যার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক রিকু মোল্যাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন