২২ দিনের শিশু, পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা
স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে ২২ দিনের এক শিশু পুত্রকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতা নাহিদ শেখ (২৮)-এর বিরুদ্ধে। নিহত শিশুর নাম মুনতাসির। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে নাহিদ শেখ তার ২২ দিনের শিশু পুত্র মুনতাসিরকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে। পরে শিশুটির মরদেহ নানা বাড়ির পাশের খোকা মল্লিকের পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে ফেলে রাখে।
নিহত শিশুর মা মোছাঃ মৌ (২৪) ঘুম থেকে উঠে সন্তানকে দেখতে না পেয়ে স্বামীর কাছে জানতে চাইলে তিনি জানান, শিশুটিকে সেনহাটিতে রেখে এসেছেন। পরে মৌ সেনহাটিতে যাওয়ার কথা বললে নাহিদ তাকে গাড়িযোগে ফরিদপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় মৌ বিষয়টি সন্দেহজনক মনে করে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে ফরিদপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা-বাবাকে হেফাজতে নেয় এবং বিষয়টি দিঘলিয়ায় জানানো হয়।
পরে কামারগাতি ক্যাম্প পুলিশ লাখোহাটিতে গিয়ে খোকা মল্লিকের বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতর থেকে শিশু মুনতাসিরের মরদেহ উদ্ধার করে।
সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ফরিদপুর সদর থানা থেকে নাহিদ ও মৌকে দিঘলিয়ায় নিয়ে আসে।
এ ঘটনায় দিঘলিয়া থানায় নাহিদ শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২, তারিখ: ০৪/০৩/২০২৬)।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, নিহত শিশুর মা মৌ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি নাহিদ শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন