গাজীপুরের শ্রীপুরে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
ভুক্তভোগী চালক কুড়িগ্রামের উলিপুর উপজেলার আতাউর রহমান (৩২) শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ভাড়া থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আসামিরা তাকে তার বাসার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং আসাদুল ইসলামের দোকানের ভেতরে আটকে রাখে। পরে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অপহরণকারীরা প্রথমে আতাউরের কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে আট হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে তার স্ত্রীর বড় ভাই রেজাউল করিমের মোবাইলে ফোন করে বাকি টাকা দাবি করে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনার পরপরই পুলিশ এনামুল হক (৪০) ও আদাম বেপারী বাবুকে (৩২) গ্রেফতার করে। পরদিন আরেক আসামি আসাদুল ইসলামকে (৪৬) আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রীর বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও চার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক আসাদুল ইসলাম ও ভুক্তভোগী আতাউর রহমানকে বুধবার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের মধ্যে যুবদল নেতা আনোয়ার হোসেন বেপারীর অনুসারী ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন