কাউনিয়ায় মোবাইল কোর্টের অভিযান: ভেজাল গোলমরিচসহ বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ, ১ মাসের কারাদণ্ড।
স্টাফ রিপোর্টার, কাউনিয়া (রংপুর):
রংপুরের কাউনিয়া উপজেলায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজালমিশ্রিত গোলমরিচ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ জব্দ ও বিনষ্ট করেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে জব্দ ও বিনষ্ট করা হয়—
১) ভেজালমিশ্রিত গোলমরিচ ১৩ মণ,
২) ক্যালসিয়াম কার্বনেট ১২৫ কেজি,
৩) আয়রন অক্সাইড ১৫০ কেজি,
৪) খয়ের ও রেজিন ২৫ কেজি।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোঃ শরিফুল ইসলাম (পিতা: মোঃ জবর আলী), ঠিকানা: সিট নাজিরদহ, কাউনিয়া, রংপুর।
অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পাপিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, কাউনিয়া উপজেলা। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর প্রতিনিধিরা।
প্রশাসন জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন