গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ মোঃ গোলাম মুরশেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন, মোঃ শাহীন, শাহানুর সরকার, অ্যাডভোকেট মাইদুল ইসলাম নয়ন, আকতার সরদার এবং কাজীম উদ্দিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশের চেতনা আমাদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়। তারা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার মর্যাদা ও ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর ২১শে ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে পড়ায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন