গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাঁর এই সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আনন্দ, প্রত্যাশা ও গর্বের অনুভূতি।
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত সরকারি সফরসূচি এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকারি সূচি অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ গ্র্যান্ড টেরেসের বাসভবন থেকে সড়কপথে কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ৮টায় তাঁর কলমাকান্দায় পৌঁছানোর কথা রয়েছে। দায়িত্ব পাওয়ার পর নিজ জনপদে এটিই তাঁর প্রথম সফর হওয়ায় এলাকাজুড়ে বিশেষ প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। স্থানীয়দের মতে, উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগের প্রতি প্রতিমন্ত্রীর অঙ্গীকারেরই প্রতিফলন এই আয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, তাঁর বাবা মরহুম মোস্তফা কামাল মুনছুর কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিকভাবে জনসম্পৃক্ত সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি আজ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন—এমনটাই মনে করেন এলাকাবাসী।
পরে নিজ গ্রামের বাড়ির মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন তিনি।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে কলমাকান্দা উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় তাঁর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান বলেন, “প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশাবাদী, তাঁর আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে কলমাকান্দা ও নেত্রকোনার উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”
কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর প্রথম আগমন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আশা করি, এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।”
ভূমি প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কলমাকান্দা উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এই আগমনের মধ্য দিয়ে অবহেলিত এ জনপদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান আরও উন্নত হবে।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন