বিভেদ নয়, ঐক্যের পথে নড়াইল-১: শান্তির প্রত্যয়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি ’২৬) ঢাকা রওয়ানা হওয়ার প্রাক্কালে নড়াগাতীর খাশিয়ালস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বার্তা দেন।
এ সময় তিনি বলেন, “নড়াইল-১ আসনের জনগণ আমাকে যে আস্থা, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আমি প্রতিদান দিতে চাই কথায় নয়, কাজে। এ আসনের প্রতিটি মানুষ—জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতভেদ নির্বিশেষে—আমার আপনজন। আমি সবার প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন শেষ, এখন সময় একসঙ্গে পথ চলার। হিংসা-বিদ্বেষ, দ্বন্দ্ব-কলহ ও ভুল বোঝাবুঝি পেছনে ফেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নড়াইল-১-কে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল আসনে পরিণত করাই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।”
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। “ঐক্যই আমাদের শক্তি, বিভেদ নয়”—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং একে অপরের পরিপূরক। সমৃদ্ধ নড়াইল গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীরা তাঁর শান্তি ও উন্নয়নমুখী বক্তব্যকে স্বাগত জানান। তারা বলেন, নির্বাচনের পর এমন সম্প্রীতির বার্তা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। তারা নবনির্বাচিত এমপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১-এর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নড়াইল গড়াই আমাদের লক্ষ্য।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন