ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।
পোস্টে শামা ওবায়েদ লিখেছেন, “প্রিয় নগরকান্দা ও সালথাবাসী, আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়—এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়।” তিনি বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ-তরুণী এবং মা-বোনসহ সর্বস্তরের মানুষ যে বিশ্বাস তাঁর ওপর রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছেন তিনি। “এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল,”—পোস্টে উল্লেখ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
শামা ওবায়েদ আরও লেখেন, দলমত নির্বিশেষে সালথা ও নগরকান্দার প্রতিটি মানুষ তাঁর আপনজন। তিনি বলেন, “আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো—ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক ও নিরপেক্ষ ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি সবাইকে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর ভাষায়, “ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করতে চাই; ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করতে চাই। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত প্রায় ১১টার দিকে ঘোষিত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে শামা ওবায়েদ ইসলাম রিংকু পান ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী (রিকশা প্রতীক) পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন