গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনের বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের মতো গাজীপুরেও সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও আয়োজন করা হয়।
সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও দিনের দ্বিতীয়ার্ধে কেন্দ্রগুলোতে ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবারের নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে রায় দেন বলে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন