আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের ওপর জোর দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদের ৩০০ জন সদস্য যদি সততা ও নৈতিকতার আদর্শে অটল থাকেন, তাহলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যরা কেবল আইন প্রণেতা নন, তারা জনগণের আস্থার প্রতীক। তাদের আচরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপরই রাষ্ট্র ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে। রাজনৈতিক নেতৃত্বে যদি নৈতিকতা প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রশাসনের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সৎ নেতৃত্ব বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি এ কে এম ফজলুল হক এবং যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইশাহাক আলী।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন