ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ত্রাণ কর্মকর্তা নূর নবীর বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অসহায় ও ছিন্নমূল আদিবাসী নারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, শীতবস্ত্র হিসেবে বরাদ্দ কম্বল নিতে অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এ সময় তিনি হতদরিদ্র নারীদের সঙ্গে অশালীন ও অবমাননাকর ভাষায় কথা বলেন এবং অনেককে কম্বল না দিয়েই ফিরিয়ে দেন। এমন আচরণে তারা চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।
বক্তারা বলেন, শীতের তীব্রতায় যখন অসহায় মানুষ সরকারি সহায়তার ওপর নির্ভর করে, তখন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ মানবিকতার পরিপন্থী। তারা দ্রুত নূর নবীর অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা বলেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন।

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন