চাঁচুড়ী বাজারে উপচে পড়া জনসমাগম, প্রধান অতিথি ওবায়দুল্লাহ কাইসার
স্টাফ রিপোর্টার : মোঃ লিটন সিকদার
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভাকে কেন্দ্র করে পুরো চাঁচুড়ী বাজার ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কাইসার। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,
“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ শোষণ, দুর্নীতি ও অনিয়মের শিকার। জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের সূচনা করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে গণসংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের বিপুল সমর্থনে জামায়াতে ইসলামী বিজয় অর্জন করবে।
সমাবেশে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও বিপুল জনসমাগম সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন