অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মোঃ লিটন সিকদার
প্রকৃতি, পরিবেশ ও পরিযায়ী পাখি—এই তিনটির সহাবস্থানই পারে টেকসই পর্যটনের ভবিষ্যৎ গড়ে তুলতে।
এই বার্তাকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী পর্যটন সেমিনার।
রোববার, ১ ফেব্রুয়ারি, রাত ৯টায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে
“পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটন: সহাবস্থানের কৌশল” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। প্রকৃতি ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রমের মাধ্যমেই প্রকৃতি ও অর্থনীতির মধ্যে কার্যকর ভারসাম্য গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া প্রকৃতিনির্ভর পর্যটনের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) তাহারিন তৌহিদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মুনিব খন্দকার।
সেমিনারে নড়াইল ও কালিয়া অঞ্চলে কর্মরত গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে নড়াইল ও কালিয়ার সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বক্তারা পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, জলাভূমি রক্ষা এবং পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতিনির্ভর টেকসই পর্যটন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে কল করুন। ০১৭১৬-৮০২২৩০

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন