নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। তবে মানববন্ধনটি ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজন করা হলেও এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জামায়াত ও তাদের সমর্থিত সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জামায়াতের পাশাপাশি খেলাফত-মজলিশসহ কয়েকটি সমমনা সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কলমাকান্দা উপজেলার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এ মানববন্ধন করা হয়েছে। তাদের দাবি, তথাকথিত ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে কোনো সাধারণ বা নিরপেক্ষ নাগরিক ছিলেন না; অংশগ্রহণকারীরা সবাই জামায়াত ও তাদের আদর্শিক অনুসারী।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের রুকন আবুল কালাম কালামিয়া ও জহিরুল ইসলাম মামুন, এনসিপির আবু কাওসার, আল মামুন, শাহপরান, উপজেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ফরিদ মিয়া, আফজাল হোসেনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান তার দায়িত্বকালীন সময়ে কলমাকান্দায় প্রশাসনিক স্বচ্ছতা ও জনবান্ধব সেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন একজন কর্মকর্তার হঠাৎ বদলিতে উপজেলাবাসী হতাশ হয়েছে। জনস্বার্থে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে তাকে কলমাকান্দায় বহাল রাখার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন বক্তারা।
এদিকে ইউএনও মাসুদুর রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস এবং একজন বিতর্কিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
স্থানীয় একাংশের দাবি, প্রশাসনের ভেতরে অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের কারণেই ইউএনও মাসুদুর রহমানকে বদলির মুখে পড়তে হয়েছে। তবে অন্য একটি মহল এটিকে প্রশাসনের নিয়মিত ও স্বাভাবিক বদলি প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করছেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন