গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর থানার পশ্চিম নয়নপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে শাহজাহান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তিকে অতর্কিত হামলা চালিয়ে অমানুষিক মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা আনুমানিক ২:০০ টার দিকে জয়দেবপুর থানাধীন পশ্চিম নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সুইটি (৪৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ ভূঁইয়া (৫৮) ও মোঃ ফাহিম ভূঁইয়া (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিল। গত ২১ সেপ্টেম্বর দুপুরে শাহজাহান চৌধুরী নিজ বসতবাড়ি সংলগ্ন গজারী বনের পাশে প্রস্রাব করতে গেলে পূর্বশত্রুতার জেরে বিবাদীরা তাঁর পিছু নেয় এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ২ নং বিবাদী ফাহিম ভূঁইয়া তাঁর মুখ চেপে ধরলে অপরাপর বিবাদীরা তাঁকে বেদড়ক মারধর করে মুখমণ্ডল রক্তাক্ত ও শরীরে গুরতর জখম করে। পরবর্তীতে ১ নং বিবাদী ফরিদ ভূঁইয়া দু'হাত দিয়ে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া হামলাকারীরা শাহজাহান চৌধুরীর পকেটে থাকা নগদ ১,৫০০ টাকা চুরি করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে শাহজাহান চৌধুরী অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান (রেজিঃ ৭০৬৭/২৯)।
অভিযোগে আরও জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ভুক্তভোগী ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা মামলা বা আইনি পদক্ষেপ নিলে ভুক্তভোগী পরিবারকে "জানে মেরে লাশ গুম করার" হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগীর চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়দেবপুর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে শ্বাসরোধে হত্যাচেষ্টা, নগদ টাকা ছিনতাই









মন্তব্য