রাজশাহীতে নবীন আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ৪
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী:
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নবীন আইনজীবী মো. ইয়ামিন আলীর ওপর আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে কিছু সংখ্যক বহিরাগত সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি। একই সঙ্গে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে রাজশাহী আদালত চত্বরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, আজ দুপুরে পেশা পরিচালনার সময় বহিরাগত একদল সন্ত্রাসী আইনজীবী মো. ইয়ামিন আলীর ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত সাধারণ জনতা ও আইনজীবীদের সাহসিকতায় চারজন হামলাকারীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে বারের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ পিপি এড. ইমতিয়ার মাশরুর আল আমিন বাদী হয়ে সংশ্লিষ্ট রাজপাড়া থানায় ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি এজাহার দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে বিধি মোতাবেক আসামিদের গ্রেপ্তার করে।
আজ সন্ধ্যায় রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহীর বিজ্ঞ পিপি এড. মো. রইসুল ইসলাম এবং বার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এড. ইমতিয়ার মাশরুর আল আমিন যৌথভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী মো. ইয়ামিন আলীকে দেখতে যান।
এ সময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগের ও বরদাস্ত করার মতো নয়। অপরাধীদের দ্রুত ও কঠোর আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।”
বার সমিতির পক্ষ থেকে জানানো হয়, নবীন আইনজীবীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত লড়াইয়ের পাশাপাশি বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বার অ্যাসোসিয়েশন সোচ্চার থাকবে।

রাজশাহীতে নবীন আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ৪
15 Nov 2026, 21:54 · মোঃ রবিউল ইসলাম — রাজশাহী ব্যুরো চিফ
