
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালিয়া এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী একটি মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী নিহত হন। এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ।
নিহতদের জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান মো. শফিকুর ইসলাম (মনা), নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান (আলেক), কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি মো. শেখ সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে মুসল্লিরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিহত শাহিন ও সোহেলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ। একই সঙ্গে কালিয়ায় ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
দুই কর্মীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।যোগাযোগ ০১৭১৬-৮০২২৩০


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।