জনতা ব্যাংকের অ্যাপ হ্যাক করে টাকা লুট! ৮ দিন ঘুরেও মিলছে না পুলিশের সাহায্য
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী:
রাজশাহী নগরীর নওদাপাড়ায় জনতা ব্যাংক পিএলসি-এর এক গ্রাহকের মোবাইল ব্যাংকিং অ্যাপ হ্যাক করে দুই দফায় ১ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। স্থানান্তর করা প্রাইম ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর ভুল থাকায় ৫০ হাজার টাকা ফেরত এলেও, বাকি ৯২ হাজার টাকা এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দায়েরের ৮ দিন পার হলেও পুলিশ এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক।
ভুক্তভোগী মোঃ হিমেল (২৪) নগরীর শাহমখদুম থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার বাসিন্দা (পিতা: মোঃ মতিন) এবং পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। জনতা ব্যাংক পিএলসি, নওদাপাড়া শাখায় তাঁর একটি সঞ্চয়ী হিসাব রয়েছে (হিসাব নম্বর: ০১০০২৪২৭০৫৩০৫)।
ভুক্তভোগীর বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হিমেলের স্মার্টফোনে হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) আপডেট নিতে শুরু করে। সাধারণ সফটওয়্যার আপডেট ভেবে তিনি বিষয়টি এড়িয়ে যান। কিন্তু সেই সুযোগে প্রতারক চক্র তাঁর ফোন ও ব্যাংক অ্যাপ হ্যাক করে ওই দিনই ৯২ হাজার টাকা প্রাইম ব্যাংকের একটি হিসাবে (হিসাব নম্বর: ২৯০১২২৩০২৫৭১৫) স্থানান্তর করে নেয়।
পরবর্তীতে ১৬ নভেম্বর নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে তিনি টাকা উধাও হওয়ার বিষয়টি টের পান। ওই দিনও তাঁর ফোন পুনরায় অটোমেটিক আপডেট হতে থাকে এবং ফোন চালু হওয়ার পর মেসেজের মাধ্যমে তিনি দেখতে পান যে, প্রাইম ব্যাংকের অপর একটি হিসাবে (হিসাব নম্বর: ২৯০১২২৩০৩০৭৭২) আরও ৫০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এভাবে দুই দফায় সর্বমোট ১ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা।
ভুক্তভোগী মোঃ হিমেল জানান, টাকা খোয়া যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে জনতা ব্যাংকের নওদাপাড়া শাখার ব্যবস্থাপককে জানানো হলে তিনি কেবল মৌখিকভাবে তদন্তের আশ্বাস দেন। ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকায় ভরসা না পেয়ে তিনি শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন ১৭ নভেম্বর দুপুরের দিকে প্রতারকদের স্থানান্তর করা ৫০ হাজার টাকার অ্যাকাউন্ট নম্বরটি ভুল থাকায় ব্যাংকের ফান্ড থেকে ওই ৫০ হাজার টাকা হিমেলের অ্যাকাউন্টে ফেরত আসে। তবে ১৩ নভেম্বর খোয়া যাওয়া ৯২ হাজার টাকা এখনো উদ্ধার হয়নি।
পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোঃ হিমেল বলেন, "অভিযোগ দেওয়ার আজ ৮ দিন (২৪ নভেম্বর পর্যন্ত) পার হলেও প্রশাসন থেকে সেভাবে কোনো তদন্ত করা হয়নি। আজ ফোন দিলে পুলিশ আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট চায়। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এখনো কোনো কার্যকর পদক্ষেপই নেওয়া হয়নি।"
ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, "আমি গত সাড়ে তিন বছর ধরে চেক বইয়ের মাধ্যমে নিরাপদে লেনদেন করেছি, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু ব্যাংক কর্মকর্তারা অনেকটা জোর করেই আমাকে এই মোবাইল অ্যাপসটি খুলে দেন। অ্যাপসটি চালু করার মাত্র এক মাসের মাথায় আমার সাথে এই ঘটনা ঘটল। আমি সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্রশাসনের কাছে আমার খোয়া যাওয়া ৯২ হাজার টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।"

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।