
রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিরোধপূর্ণ সম্পত্তিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থাপনা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ও কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে।
মামলার বাদী মো. মিরাজুল ইসলাম (মতিন), পিতা মৃত ইসমাইল হোসেন, সাং-বাকশিমইল, মোহনপুর, রাজশাহী জানান, সম্পত্তিটি নিয়ে মোহনপুর সহকারী জজ আদালতের বাটোয়ারা মামলা নং ১৩৭/২০০৭ এবং আপিল মামলা নং ১৪০/২০১৫-তে তাঁদের পক্ষে রায় ও ডিক্রি হয়েছে। পরবর্তীতে হাইকোর্টে রিভিশন মামলা নং ৩৩০২/২০১৯ দায়েরের পর নিষেধাজ্ঞা জারি হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন বলে তিনি দাবি করেন।
বাদীর অভিযোগ, হাইকোর্টের নিষেধাজ্ঞা ও মামলার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানোর পাশাপাশি আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ সম্পত্তিতে নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করা হয়। কিন্তু তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণে বরাদ্দ প্রদান ও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা রাজশাহী শিক্ষা নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এ বরাদ্দ এসেছে, তাঁর কিছু করার নেই। এ সময় শিক্ষা প্রকৌশলীর প্রধান কার্যালয় আদালতের আদেশ-নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না বলেও মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা। এছাড়া সাংবাদিকদের অভিযোগ, বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গেলে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না; বরং কয়েকজন সাংবাদিককে অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টাও করা হচ্ছে।
বাদী হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকর, নির্মাণকাজ বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।