মোঃ লিটন সিকদার | গোপালগঞ্জগোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদটি শূন্য থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা নিতে প্রতিদিন অফিসে এসে অনেক সেবাপ্রার্থীকে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি তৈরি হওয়ায় ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ বদলি হওয়ার পর প্রায় দেড় থেকে দুই মাস পেরিয়ে গেলেও এখনো নতুন কোনো কর্মকর্তা ওই পদে যোগদান করেননি। গুরুত্বপূর্ণ এই পদটি দীর্ঘদিন শূন্য থাকায় ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।ভূমি অফিসে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন নামজারি, জমির খাজনা, রেকর্ড সংশোধন, জমি সংক্রান্ত অভিযোগ, শুনানি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নিয়মিত কর্মকর্তা না থাকায় এসব কাজের অনেকগুলোতেই কাঙ্ক্ষিত গতি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।বিশেষ করে নামজারি (মিউটেশন) নিষ্পত্তি, শুনানিতে অংশগ্রহণ, ভূমি রেকর্ড সংশোধন, অভিযোগ যাচাই-বাছাই এবং বিভিন্ন প্রশাসনিক অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে ভুক্তভোগীদের দাবি। এতে জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা হালনাগাদ এবং অন্যান্য জরুরি প্রয়োজনে মানুষকে বারবার ভূমি অফিসে আসতে হচ্ছে।একাধিক সেবাপ্রার্থীর অভিযোগ, অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দূর-দূরান্ত থেকে অফিসে আসার পরও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে জরুরি জমি সংক্রান্ত কাজ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।স্থানীয়রা বলছেন, ভূমি সেবা কোনো সাধারণ প্রশাসনিক সেবা নয়; মানুষের বসতভিটা, কৃষিজমি, উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার সরাসরি এর সঙ্গে জড়িত। তাই সদর উপজেলার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় দীর্ঘদিন এসি ল্যান্ডের পদ শূন্য থাকা কোনোভাবেই কাম্য নয়।সেবাপ্রার্থীদের মতে, একজন নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে থাকলে আবেদনগুলো নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত পর্যালোচনা ও নিষ্পত্তি করা সম্ভব হয়। পাশাপাশি শুনানি, অভিযোগ যাচাই এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিও আরও কার্যকরভাবে নিশ্চিত করা যায়।এদিকে, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দারা। তাদের দাবি, অতি দ্রুত একজন দক্ষ ও নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা হোক।একই সঙ্গে নতুন কর্মকর্তা যোগদানের আগ পর্যন্ত যেন সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার মাধ্যমে জরুরি আবেদন, শুনানি ও গুরুত্বপূর্ণ ফাইলগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা করা হয়, সেই দাবিও জানিয়েছেন স্থানীয় সেবাপ্রার্থীরা।তাদের প্রত্যাশা, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে আবারও স্বাভাবিক ও গতিশীল ভূমি সেবা নিশ্চিত হবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানা রোডে শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। তাঁরা সাংবাদিক হত্যার বিচার, জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম (৩২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি মো. শাহজাহানের ছেলে, দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করার জেরে প্রতিপক্ষের এক নারী তাঁকে প্রধান আসামি করে মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। জহিরুল ইসলামের দাবি, মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। দৈনিক আমাদের সময়-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল। এ সময় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিককে গুলি করে হত্যা এবং মামলা দিয়ে হয়রানি করা শুধু ব্যক্তির জীবনের ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের জন্যও বিপজ্জনক বার্তা। সাংবাদিক হত্যা এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ঘটনার বিচার না হলে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা রক্ষা কোনো বিশেষ পেশাজীবী গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়; বরং এটি গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। মানববন্ধন শেষে সাংবাদিকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
মহাত্মা লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও অহিংসার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। মহাত্মা লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িকতা, প্রেম ও মানবতার প্রতীক। তাঁর দর্শনে জাত-পাত ও ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। মানুষের মধ্যেই তিনি মানবতার প্রকৃত পরিচয় খুঁজেছেন। সমাজে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের মধ্যে লালনের দর্শন চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও কণ্ঠশিল্পী ফারহান কবীর সিফাতের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। শিল্পীদের একক ও যৌথ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৯০ সালের পয়লা কার্তিক মহাত্মা লালন সাঁইজি মৃত্যুবরণ করেন। তাঁর মানবপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক দর্শন আজও মানুষের মধ্যে গভীরভাবে সমাদৃত।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার গহরডাঙ্গা ইউনিয়নের চর-মধুপুর গ্রামে মধুমতি নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার শত শত পরিবার। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় একের পর এক বসতভিটা ও শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার হারিয়েছে শেষ আশ্রয়স্থল। ফলে খোলা আকাশের নিচে কিংবা অন্যের আশ্রয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন ভাঙনকবলিত মানুষ।
এ অবস্থায় নিজেদের বসতভিটা ও অবশিষ্ট কৃষিজমি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ হিটু মল্লিক, মোঃ মিজান মল্লিক, কুল মল্লিক, অ্যাডভোকেট গাউস মল্লিক, মোঃ কুদ্দুস মল্লিক, স্বপ্না বেগম ও মোসাম্মৎ মমতাজ বেগমসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে চর-মধুপুর গ্রামের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একসময় পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। মোঃ মিজান মল্লিক বলেন, নদীভাঙনে অনেক মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অ্যাডভোকেট গাউস মল্লিক বলেন, নদীভাঙনের কারণে এলাকার শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। ভাঙন এলাকার কাছাকাছি গেলেই তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতি থেকে এলাকাবাসীকে রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন। স্থানীয় বাসিন্দা স্বপ্না খানম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ঘর নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, এমনকি এক শতক জমিও নেই। এভাবে আমরা কীভাবে বাঁচব?” মোঃ হিটু মল্লিক বলেন, নদীভাঙন বন্ধ হলে এলাকার মানুষ তাদের বসতভিটা ও জীবিকার অবলম্বন ফিরে পাওয়ার সুযোগ পাবেন। তাই আর কোনো পরিবার যেন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব না হয়, সে জন্য দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি। মানববন্ধন থেকে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, এসআরবির ঢাকা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নূর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। বিস্ফোরকজাতীয় বস্তুটি চিনতে না পেরে সেটির সেফটি রিং টেনে খুলে ফেলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাইটের কার্যকারিতা, পরিসংখ্যান ও প্রাসঙ্গিক বিজ্ঞাপনের জন্য আমরা কুকি ব্যবহার করি। আপনি সব কুকি গ্রহণ, ঐচ্ছিক কুকি প্রত্যাখ্যান অথবা পছন্দ নির্ধারণ করতে পারেন।
প্রয়োজনীয় কুকিনিরাপত্তা ও সাইটের মৌলিক কার্যকারিতার জন্য আবশ্যক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।