লিটন শিকদার ||
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক প্রতিনিধি: মো: লিটন শিকদার নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাকিব শেখ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) সাকিব তার স্ত্রী চাঁদনীকে নিয়ে নড়াইল সদরের বাহিরগ্রামে খালুর বাড়িতে বেড়াতে আসেন। সাকিব মাদকাসক্ত ও বেকার হওয়ায় দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় সাকিব বটি দিয়ে চাঁদনীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১টা ২৫ মিনিটে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রথমে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়—রাতের অন্ধকারে অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবার ঘটনাটি দুর্ঘটনা বলে দাবি করলেও ঘটনাস্থলের আলামত ও সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।