হাসিনুজ্জামান মিন্টু ||
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, বৈশাখ উদযাপন পরিষদ, রাণীশংকৈল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। সভায় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা পহেলা বৈশাখের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন।এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন কৃষি বিভাগের এক কর্মকর্তা।অন্যদিকে, বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে পৌর শহরের প্রগতি ক্লাব প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত এ র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং কলেজের অনুষ্ঠানের সঙ্গে একীভূত হয়।ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজসেবীরা বক্তব্য দেন। তারা নববর্ষের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানান।এছাড়া পৌর শহরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।সবমিলিয়ে দিনব্যাপী নানা আয়োজনে রাণীশংকৈল জুড়ে বইছিল উৎসবের আবহ, যা নতুন বছরকে বরণ করে নিতে স্থানীয়দের মাঝে এনে দেয় বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস।