লিটন শিকদার ||
গোপালগঞ্জ কাশিয়ানীতে বিশেষ অভিযানে মাদক সম্রাট আটক: ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজা উদ্ধারস্টাফ রিপোর্টার মো: লিটন সিকদারগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের কঠোর অবস্থান তুলে ধরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাশিয়ানী উপজেলার পশ্চিম রাউতখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কাশিয়ানী থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান ।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি প্রথমে নিজ ঘরে অবস্থান নেন। পরবর্তীতে কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮), তিনি পশ্চিম রাউতখালী গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামির কাছ থেকে মোট ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট (এর মধ্যে কেমলা ৯ হাজার ৬২৫ পিস ও সবুজ ৫৮২ পিস), প্রায় ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ লাখ টাকারও বেশি।
এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক নির্মূলে ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।