বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি। ||
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছয়ঘটি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, ছয়ঘটি গ্রামের বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা (৬০)-এর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার (২৩ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।হামলাকারীরা বাড়িতে ঢুকে একটি পাকা বাথরুম ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।হামলায় আহত হন মোঃ গোলাম মোস্তফা, তার স্ত্রী মোছাঃ জোসনা বেগম (৫২), ছেলে মোঃ জাহাঙ্গীর আলম রাসেল (৩০) এবং বাড়ির কর্মচারী মোজাম্মেল হক (৩৫)। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আলমারি থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার (প্রায় ২৩ লাখ টাকা মূল্যের) লুট করে নিয়ে যায়।ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ বীরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেছেন।এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শিহাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।